ওসমানীনগর প্রতিনিধি | ২১ আগস্ট, ২০২৩
সিলেটের ওসমানীনগরের সাদিপুরে আওয়ামী লীগ নেতার ছোট ভাইয়ের প্রাইভেট কার আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার গভীর রাতে সাদিপুরের হযরত সৈয়দ শাহ তাজ উদ্দিন (র.) এর মাজারের সামনে গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।
এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
জানা যায়, ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ডের মেম্বার শাহ্ ইসমাইল আলীর ছোট ভাই শাহ আশরাফ আলী প্রতিদিনের মতো বাড়ির নিকটবর্তী হযরত সৈয়দ শাহ তাজ উদ্দিন (র.) এর মাজারের সামনে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ- ১৩৩-৭৮৮৯) রেখে বাড়িতে চলে যান। গভীর রাতে বিদ্যুৎ চলে গেলে ইসমাইল আলীর ছোট ভাই ঘরের জানালে খুলে দিলে কারে আগুন দেখতে পান। তার চিৎকারে বাড়িসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হলে ততক্ষণে কারটির ইঞ্জিনসহ সামনের চাকা ও গ্লাস পুড়ে যায়।
ইসমাইল আলী বলেন, আমার অনেক শত্রু রয়েছে, তবে রাতের আঁধারে কে বা কারা কারটিতে আগুন দিয়েছে আমরা দেখিনি।
এ ঘটনায় তিনি ও তার পরিবার ভীত হয়ে পড়েছেন উল্লেখ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, এ ঘটনায় শাহ্ ইসমাইল আলী একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।