Sylhet Today 24 PRINT

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে পিটিয়ে হত্যা

কানাইঘাট প্রতিনিধি |  ২২ আগস্ট, ২০২৩

সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ও চাচাতো ভাইরা পিটিয়ে কামিল আহমদ (৩৫) এক যুবককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাণীগ্রাম গ্রামে কামিল আহমদকে মারধর করা হয়। আশংকাজনক অবস্থায় কামিল আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত কামিল আহমদ নিজ বাণীগ্রাম গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র।

নিহতের স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কামিল আহমদের সাথে তার আপন চাচা আলা উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল। কামিল আহমদের বাবা-মা ছোটবেলা মারা যাওয়ার পর চাচা আলা উদ্দিন তাদের বেশ কিছু পৈত্রিক সম্পত্তি জবর দখল করে নেন। এতে প্রতিবাদ করে আসছিলেন কামিল আহমদ। যার কারনে তার উপরে ক্ষিপ্ত হয়ে চাচা ও চাচাতো ভাইয়েরা পূর্বে হামলা করে গুরুত্বর আহত করেছিল।

গত সোমবার রাত ১০টার দিকে কামিল আহমদ স্থানীয় গাছবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ্রামের শামছুদ্দিনের বাড়ির পাশে আসামাত্র চাচা আলা উদ্দিন ও অপর ভাইয়ের ভাতিজারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামিল আহমদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তার পা ভেঙ্গে ফেলে এবং পিটিয়ে গুরুত্বর আহত করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায়। হামলার সময় কয়েকজন ঘটনাটি দেখলেও হামলাকারীদের ভয়ে কামিল আহমদকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে আশংকাজনক অবস্থায় তাকে স^জনরা উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকীৎসাধীন অবস্থায় কামিল আহমদ মৃত্যু বরণ করেন।

এ হত্যাকান্ডের খবর পেয়ে রাতেই থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ ঘটনাস্থলে যান এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের আটক করতে এলাকায় অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কামিল আহমদ নিহত হয়েছেন এবং এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে থানার ওসি গোলাম দস্তগীর জানিয়েছেন।

এ ঘটনায় নিহতের বোন শারমীন বেগম বাদী হয়ে চাচা আলাউদ্দিন সহ হত্যাকান্ডের সাথে জড়িত কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

শারমীন বেগম জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের চাচা আলাউদ্দিনের নেতৃত্বে তার নিরীহ ভাই কামিল আহমদকে অত্যন্ত নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তার ভাই হত্যাকারীদের নাম বলে গেছেন। যারা তার ভাইকে হত্যা করেছে তাদেরকে আসামী করে মামলা করেছেন।

স্থানীয় এলাকাবাসী এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত এলাকার প্রভাবশালী আলাউদ্দিন ও তার ভাতিজাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.