বিয়ানীবাজার প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০২৩
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় চলাচলে বাঁধা দেয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন টমটম চালকরা। বৃহস্পতিবার দুপুরে মুরাদগঞ্জ এলাকায় একাধিক টমটম আটকের অভিযোগে তারা পৌরশহরে বিক্ষোভ করেন।
এরপর সিএনজি অটোরিক্সা চালকরা দক্ষিণ বাজারে সড়ক অবরোধ করে রাখেন। এতে বিয়ানীবাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপি যানচলাচল বন্ধ থাকে।
জানা যায়, দুপুর ১২টার দিকে মুরাদগঞ্জ এলাকায় যাত্রী নিয়ে চলাচলরত অবস্থায় বেশ কয়েকটি টমটম আটক করেন সিএনজি অটোরিক্সা চালকরা। এতে ক্ষুব্দ হয়ে টমটম চালকরা উত্তর বাজারে জমায়েত হয়ে পৌরসভার মেয়রের কাছে বিচারপ্রার্থী হন। এর কিছুক্ষণ পর তারা পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করেন।
তবে মিছিল থেকে সিএনজি অটোরিক্সার দক্ষিণ বাজারের কার্যালয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন সিএনজি অটোরিক্সা শ্রমিক নেতা লুৎফুর রহমান। কথিত ওই হামলার অভিযোগে সিএনজি অটোরিক্সা চালকরা দক্ষিণ বাজারে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিয়ানীবাজার থানার এসআই আসাদুর রহমান জানান, টমটম চলাচলে বাঁধা দেয়ার ঘটনায় চালকরা মেয়রের কাছে বিচারপ্রার্থী হয়। বিষয়টি রাতেই নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। সিএনজি অটোরিক্সা চালকদের কার্যালয়ে হামলার কোন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এদিকে তুচ্ছ কারনে যে কোন সময়ে সিএনজি অটোরিক্সা চালক কর্তৃক সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে জিম্মী করার ঘটনায় উপজেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভাঙ্গা রাস্তার অজুহাত দেখিয়ে ইচ্ছেমত ভাড়া বৃদ্ধি করছে সিএনজি অটোরিক্সা চালকরা। এতে সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে টমটম ব্যবহার বাড়িয়ে দিয়েছে। এজন্য টমটম চালকদের উপর ক্ষুব্দ সিএনজি অটোরিক্সা চালকরা। বিয়ানীবাজারে কাগজবিহীন এবং প্রতিবেশী মৌলভীবাজার জেলার রেজিষ্ট্রেশন নিয়ে অন্তত: ৫শ’ সিএনজি অটোরিক্সা অবৈধভাবে চলাচল করছে।
বিগত দিনেও বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় সিএনজি অটোরিক্সা চালকরা টমটম চলাচলে বাঁধা প্রদান করে। তৎকালীন সময়েও উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিবহণ শ্রমিকরা বসে টমটম চলাচলে কোনরকম বাঁধা প্রদান করা হবে না বলে একমত হন।