Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক ও কিশোরীদের সাথে সংলাপ

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ২৫ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, চা বাগান নারী-কিশোরী সংগঠন এবং চা বাগান কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্রেকিং দ্য সাইলেন্স এর এর উদ্যোগে বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে শ্রীমঙ্গল গ্র্যান্ড তাজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ব্রেকিং দ্য সাইলেন্স এর উপ-পরিচালক ড. মোঃ তারেকুজ্জামান এর সভাপতিত্বে এবং প্রকল্প কো-অডির্নেটর পারভেজ কৈরী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারি মহাপরিদর্শক পপি রানী দে, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, শ্রীমঙ্গল সরকারী কলেজের সহকারি অধ্যাপক সুর্দশন শীল, চা শ্রমিক নেতা পংকজ কন্দ, নিপেন পাল ও মৌলভীবাজার মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক সাহেদা আক্তার।

সংলাপে লিডার প্রকল্পের অগ্রগতি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর সিলেট বিভাগী সমন্বয়কারী পারভেজ কৈরী। তিনি বলেন, প্রকল্পটি লিঙ্গভিত্তিক সহিংসতা সম্মিলিতভাবে প্রতিরোধে চা বাগানের নারী শ্রমিক ও কিশোরী মেয়েদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং দায়িত্ব বাহককে জবাবদিহি করার জন্য কাজ করছে।

শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর এবং কমলগঞ্জ উপজেলার ছয়টি চা বাগানের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে চা বাগানে উক্ত সমস্যাগুলোর সমাধানের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি ও চা বাগান কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়।

সংলাপে চা বাগানের ভিতরে চা সেকশনে নারীদের জন্য শৌচাগার ও টিউবওয়েল এর ব্যবস্থা, ডে-কেয়ার (ক্যারেজ ঘর) স্থাপন, ব্রেস্ট ফিডিং কর্ণার তৈরি, বাল্যবিবাহ রোধ, চা বাগানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবাগুলো যাতে বাগানের গরিব এবং প্রকৃত মানুষরা পায় তার জন্য সঠিক বাছাই এর ব্যবস্থা করা। চা বাগানের হাসপাতালগুলোতে ভালো চিকিৎসার ব্যবস্থা করা, স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠান, পুষ্টি প্রোগ্রামগুলো জোরদার, চা বাগানে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা সহ চা শ্রমিক নারী ও কিশোরীদের অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
    
প্রধান অতিথি তার বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে ব্রেকিং দ্য সাইলেন্স ও অক্সফ্যামকে এবং ইউরোপিয়ান ইউনয়নকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, এখানে যে বিষয়গুলো উঠে এসেছে এগুলো বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা করা দরকার। অনুষ্ঠানে উপজেলার সংশ্লিষ্ট সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক এবং বিটিএস কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.