Sylhet Today 24 PRINT

অন্যত্র বিয়ে করায় স্ত্রীর হাত-পা কেটে দিলেন স্বামী

চুনারুঘাট প্রতিনিধি |  ২৬ আগস্ট, ২০২৩

ছবি: সংগৃহীত

স্বামীকে ছেড়ে অন্যত্র বিয়ের করার অভিযোগে আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর হাত-পা কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং গ্রামের খেলার মাঠ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটেছে।

গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় ওই নারীর স্বামী সুজন মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ। সুজন ওই উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং এলাকার আহম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ছনখলা গ্রামের আব্দুল রশীদের মেয়ে আকলিমাকে বিয়ে করেন সুজন মিয়া। তাদের ১৫ বছরের দাম্পত্য জীবনে একে একে ৭ ছেলে-মেয়ে জন্মগ্রহণ করে। কিন্তু পারিবারিক অভাব-অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লাগে থাকতো। শনিবার সন্ধ্যায়ও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে আকলিমাকে কুপিয়ে বাম হাত ও বাম পা আলাদা করে পালিয়ে যায় স্বামী সুজন।

খবর পেয়ে ওসি রাশেদুল হকের নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশের একটি দল স্থানীয় ইউপি সদস্য ছালেক মিয়াসহ এলাকাবাসীর সহযোগিতায় সুজন মিয়াকে আটক করে।

তবে স্বামী সুজনের দাবি, আকলিমা ৭ ছেলে-মেয়ে ও তাকে রেখে আরও দুটি বিয়ে করেছেন। সেই ক্ষোভে আকলিমার হাত-পা কেটে দিয়েছেন বলে দাবি করেন তিনি।

এদিকে আকলিমার মেজ মেয়ে তানজিনা আক্তার জানান, তার বাবা মাদকাসক্ত। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে তাদের মাকে নির্যাতন করতেন সুজন।

তানজিনা বলেন, বাবা আমাদের ভরণপোষণ করে না। মা-ই আমাদের একমাত্র ভরসা। আমার বাবা সেই মায়ের হাত-পা কেটে দিয়েছে।

‘এখন আমরা কেমনে বাঁচুম’, বলে কান্না ভেঙে পড়েন আকলিমা-সুজন দম্পতির মেজ মেয়ে। এ সময় তার পাশে আকলিমার আরও ৪ সন্তান বিলাপ করছিল।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘স্ত্রীর হাত-পা কাটার ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.