সিলেটটুডে ডেস্ক | ৩০ আগস্ট, ২০২৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে নৌকা ডুবে নিখোঁজ আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার দুদিন পর বুধবার (৩০ আগস্ট) সকালে নিখোঁজ আবুল ফয়েজের লাশ হাওরে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দেয়।
আগের দিন মঙ্গলবার নিখোঁজ শাহ আলমের লাশ ভেসে উঠেছিল বলে জানান তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার আলম।
তিনি আরও বলেন, উদ্ধারের পর দুটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আবুল ফয়েজ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং নিহত শাহ আলম একই গ্রামের মশ্রব আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলা সদরের বৌলাই নদী থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে দুজন বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে দুজন নিখোঁজ হন।
তারপর থেকেই তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছিল পুলিশ ও স্বজনরা।