Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

কুলাউড়া প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০২৩

প্রতীকি ছবি

রেললাইনের কাছে গরু চরাচ্ছিলেন বৃদ্ধ মুকুল মালাকার (৬৫)। একপর্যায়ে গরু রেললাইনে উঠে যায়। একই সময়ে ছুটে আসছিল ট্রেন। মুকুল মালাকার গরুকে বাঁচানোর চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল মালাকারের বাড়িও একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গুপ্তগ্রামের পাশ দিয়ে সিলেট-কুলাউড়া রেললাইন গেছে। মুকুল মালাকার প্রতিদিনের মতো আজ সকালেও গরু নিয়ে রেললাইনের আশপাশে চরাতে যান। বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। মুকুল মালাকার ট্রেন আসতে দেখে রেললাইনে উঠে পড়া গরুকে সরানোর চেষ্টা করছিলেন। গরুটি বেঁচে যায়। তবে ট্রেনের আঘাতে মুকুল রেললাইনের পাশে ছিটকে পড়েন। তাতে তার মাথায় প্রচণ্ড চোট লাগে। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.