Sylhet Today 24 PRINT

বড়লেখায় ছাত্র শিবিরের জেলা সেক্রেটারিসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক |  ০২ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে পুলিশ ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারিসহ ৩ জনকে আটক করেছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএমের নেতৃত্বে বড়লেখা সদর ইউনিয়নের বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফিজ আলম হোসাইন (৩০), বড়লেখা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু হাসান (২৫) ও ছাত্র শিবির নেতা নাহিদ আহমদ (২১)।

৩ শিবির নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, ‘জামায়াত-শিবির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোসহ নাশকাতা করার জন্য পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.