Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ইয়াবা সেবনের দায়ে রিকশাচালকের অর্থদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা সেবনের দায়ে সেলিম মিয়া নামে এক রিক্সাচালককে ৪ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এ দন্ড প্রদান করেন। দন্ডিত সেলিম মিয়া মাধবপুর উপজেলার কাছারী এলাকার সফর মিয়ার ছেলে।

জানা যায়, সেলিম মিয়া রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু রিক্সা চালিয়ে প্রতিদিন যা আয় হয় তার চেয়ে বেশী দামের ইয়াবা কিনে নেশা করে সে। রোজগার কম হলে ভিন্ন পথও বেছে নেয় মাঝে মাঝে। মঙ্গলবার সকালে উপজেলার নোয়াপাড়া এলাকায় ইয়াবা সেবনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তাকে হাতেনাতে আটক করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন তাকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সেলিম মিয়াকে আটকের পর তার মা কাকুতি মিনতি করে এবারের মত মাফ করে দিতে অনুরোধ করে। তিনি ছেলেকে শোধরানোর প্রতিশ্রুতি দিলে কারাদন্ড প্রদান না করে সেলিমকে অর্থদন্ড প্রদান করা হয়। পরে সেলিম মিয়ার এক আত্মীয় জরিমানার টাকা পরিশোধ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.