Sylhet Today 24 PRINT

৬৫ বছর বয়সী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬৫ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার উপজেলার একটি চা বাগান সংলগ্ন এলাকার এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা শিকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোসল করতে গেলে ওই নারীকে ধরে আরেকটি জায়গায় নিয়ে যায় দুজন। এরপর তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মাঠে নামে। পরে রাত ১১টার দিকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের আদর করের ছেলে ২০ বছরের মিন্টু কর এবং একই এলাকার পরেশ করের ছেলে ২২ বছরের পলাশ কর।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হওয়ার পর তাৎক্ষণিক আমরা ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছি।

তিনি জানান, সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.