Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে মসজিদের পুকুরে ইমামের মরদেহ

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটের গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুর থেকে মাওলানা মো. আলাউদ্দিন (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি এই মসজিদের পেশ ঈমামের (জুম'আর সালাতের ইমাম) দায়িত্বে ছিলেন।

মো. আলাউদ্দিন উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মো. কালা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাওলানা আলাউদ্দিন পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুরে গোসল করতে ও কাপড় ধুতে যান। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন দেখতে পান ঘাটে কাপড় পড়ে আছে কিন্তু ইমাম নেই। সাথে সাথে মসজিদে ও আশপাশে খুঁজেও তাকে পাওয়া যায়নি।  পরে উপস্থিত লোকজন পুকুরে নেমে ইমাম মো. আলাউদ্দিনকে উদ্ধার করেন। এরপর তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমামের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.