Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২০ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২৩

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৬৯১ জন। এর মধ্যে শুধু এই মাসের প্রথম সপ্তাহে মারা গেছেন ৯৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ১১ জন ও ঢাকার বাইরে ৯ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৬৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৯৯ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৭৯০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭১১ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৪ হাজার ১৭২ এবং ঢাকার বাইরে ৭৬ হাজার ৫৩৯ জন রয়েছেন।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.