বিশ্বনাথ প্রতিনিধি | ০৭ সেপ্টেম্বর, ২০২৩
সিলেটের বশ্বেনাথ পৌরসভার মেয়র ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান বলেছেন, জনগণ ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধিকে নির্বাচিন করেছে। কারণ একটাই, দেশের নাগরিক হিসেবে তারা যাতে তাদের অধিকারটুকু পায়। আর সেই নির্বাচিত জনপ্রতিনিধি (চেয়ারম্যান-মেম্বার) যদি সরকারি টিউবওয়েল বা সরকারি বরাদ্দ জনগনকে না দিয়ে টাকার বিনিময়ে বিক্রি করে দেন, তাহলে জনগণ ওই জনপ্রতিনিধিকে চোর বা প্রতারক বলেই ডাকবে। কাজেই ভক্ষক না হয়ে রক্ষক হিসেবেই আপনাদেরকে জনগনের সেবা করতে হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন ও সংরক্ষিত নারী সদস্য এবং ৯ওয়ার্ডের সাধারণ সদস্যদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।
ভারপাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বারের সভাপতিত্বে ও পরিষদের সচিব সুয়েব আহমদ ইমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরতা জাহান।
বক্তব্যে তিনি বলেন, কোন প্রতিবন্ধকতা ছাড়াই জনগণ যাতে সেবা পান, সে বিষয়টি লক্ষ রেখে কাজ করতে হবে। এসময় সকলের সহযোগীতা চেয়ে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড আসমা জাহান সরকার, দেওকলস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, শিক্ষক সন্টু কান্ত দে, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন রুপন ও মুরব্বী নজির আহমদ।
এর আগে নবনির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সদস্য ঝুমুর সুলতানা, সাধারণ সদস্য সুহেল খান, শামীম আহমদ ও জালাল আহমদ।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান। এসময় দেওকলস ইউনিয়নের প্রয়াত সকল জনপ্রতিনিধিদের জন্য দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
প্রসঙ্গত, একইদিনে উপজেলার অলংকারী, রামপাশা, দৌলতপুর ও বিশ^নাথ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররাও দায়িত্বগ্রহণ করেছেন।