সিলেটটুডে ডেস্ক | ০৮ সেপ্টেম্বর, ২০২৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এখলাছ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত এখলাছ ছাতক উপজেলার চরমাধক গ্রামের জাহির উদ্দিনের ছেলে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের নুরুল হাসান (৩২) একই গ্রামের আছর আলী (৩৫) ও মৌলারপার গ্রামের জাহির মিয়া (৫০) সহ আরও দুই জন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার বাংলাবাজার ব্রিটিশ সড়কের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার-বাংলাবাজার ব্রিটিশ সড়কের নৌকা ভাংগা নামক স্থানে দ্রুত গতিতে আসা দুইটি মোটরসাইকেল সংঘর্ষে এখলাছ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ৫ আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’