Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ৪১ কেজি গাঁজাসহ শালা-দুলাভাই গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল ৩ নম্বর ভাটেরা ইউনিয়নের ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে। গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেটে মোট ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটকৃতরা হলেন কুলাউড়া বাদে মনসুর এলাকার মৃত সিরাজ মিয়া ছেলে তাজুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার ইসলাম নগর এলাকার বাসিন্দা মোঃ জসিম মিয়া (২৭)।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আটককৃত দুই ব্যক্তি সম্পর্কে শালা-দুলাভাই। তারা ৩/৪ দিন আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে পলাতক দুই ব্যক্তির সহযোগিতায় এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করেন। এই গাঁজা সুবিধাজনক সময়ে ঢাকায় পাচারের উদ্দেশে এই গ্যারেজে মজুদ রেখেছিল।

এ ঘটনায় আটককৃত দুই ব্যক্তি এবং পলাতক আরো দুই জনকে আসামি করে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.