ছাতক প্রতিনিধি | ০৯ সেপ্টেম্বর, ২০২৩
প্রতীকি ছবি
সুনামগঞ্জের ছাতকে আইন উদ্দিন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে ভগ্নিপতির বাড়ি থেকে আইনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইন উদ্দিন তার ভগ্নিপতি ছাইম উদ্দিনের বাড়ি এসেছিলেন। সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া পাননি আত্মীয়রা। পরে জানালা দিয়ে ভেতরে আইন উদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করছে থানা পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।