Sylhet Today 24 PRINT

হাতকড়াসহ আদালত থেকে পলায়ন, দুই দিনেও গ্রেপ্তার হয়নি সেই আসামি

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রাজু মিয়াকে দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে প্রধান করা হয়েছে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হককে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় কোর্ট পুলিশের দায়িত্বরত কনস্টেবল আকবর হোসেন বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক উমর আলী।

বৃহস্পতিবার কোর্ট হাজত থেকে একদল পুলিশ আসামি রাজুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যাচ্ছিল। এজলাসে নেওয়ার আগেই সেখান থেকে কৌশলে পালিয়ে যায় রাজু। এর আগে ৩১ আগস্ট মাধবপুর থানার হরষপুর রেলস্টেশন বাজার এলাকা থেকে তাকে ২৬৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে র‌্যাব-৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.