Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের কাউন্সিলরের বিরুদ্ধে খালা শাশুড়ির প্রতারণা মামলা

বিশ্বনাথ প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০২৩

কাউন্সিলর ফজর আলী

প্রতিদিনই সিলেটের বিশ্বনাথের কোন না কোন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলার খবর পাওয়া যাচ্ছে। এবার ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। খালা শাশুড়ির দায়ের করা ওই মামলায় অভিযুক্ত করা হয়েছে কাউন্সিলর ফজর আলীর শ্যালককেও।

প্রায় ১৫দিন আগে এই মামলাটি সিলেট আদালতে দায়ের করা হলেও সম্প্রতি থানা পুলিশ তদন্তে নামলে গত ২/৩দিন ধরে বিষয়টি আলোচনায় আসে।

মুঠোফোন কল রিসিভ না করায় মামলা সম্পর্কে বিস্তারিত জানতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্বনাথ পৌরসভার পূর্ব জানাইয়ায় বাদীর নিজ বাসায় গেলে তাকে না পাওয়ায় ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর কাউন্সিলরের খালা শাশুড়ি যুক্তরাজ্য প্রবাসী আফতেরা বিবি (৫১) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন। শুনিনি শেষে ওই আদালতের বিচারক আগামি ১১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন পাঠাতে বিশ্বনাথর থানার ওসিকে নির্দেশ দেন, (বিশ্বনাথ সিআর মামলা নং-৩২৮/২০২৩ইং)।

মামলার বাদী প্রবাসী আফতেরা বিবি বিশ্বনাথ পৌরশহরের পাশ্ববর্তি শাহজিরগাঁও গ্রামের আমরোজ আলীর স্ত্রী।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কাউন্সিলর ফজর আলীর শ্যালক মাছুম আহমদকে (৩৮)। তিনি ছাতক উপজেলার বুরাইয়া (বুরকি হাটি) গ্রামের তফজ্জুল হোসেনের ছেলে। মামলার ২য় আসামি পৌরসভার ২নং ওয়ার্ডের কাইন্সলর ফজর আলী মোল্লারগাঁওয়ের ময়না মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, শ্যালক মাছুম আহমদ ও দুলাভাই ফজর আলী একে অপরের যোগসাজসে আফতেরা বিবির কাছ থেকে ২টি প্লট ও ১টি তিন তলা বিশিষ্ট দালান ক্রয় করতে ৩ কোটি টাকা নেন। কিন্তু আফতেরা বিবির নামে জায়গা ক্রয় না করে প্রতারণার আশ্রয় নিয়ে বিশ্বনাথ সাবরেজিষ্ট্রারের স্বাক্ষর জাল করে অবিকল সাফ কাবালা তিনটি দলিল সম্পাদনের রশিদ দেন। পরবর্তিতে তিনি সাবরেজিষ্ট্রারী অফিসে তল্লাশী দিয়ে জানতে পারেন দলিলের রশি তিনটি ভূয়া। তাই তিনি ন্যায় বিচার পেতে জামাই ফজর আলী ও বোনপুত্র মাছুমকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

মামলা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত কাউন্সিলর ফজর আলী বলেন, তার খালা শাশুড়ি ও শ্যালকের মধ্যে বিরোধ ছিলো। দু’পক্ষের ওই বিরোধ নিস্পত্তির জন্যে তিনি সালিশে মধ্যস্থতাকারী ছিলেন। এতে খালা শাশুড়ির পক্ষে রায় না দেওয়ায় তাকে মামলার আসামি করা হয়েছে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.