Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে ডাকাতি, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক |  ১৪ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টায় মোগলাবাজার থানা এলাকার  সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের ইস্তেশামুল গণি তাজেল এর বাড়িতে এ ডাকাতি ঘটনা ঘটে।

বাড়ির মালিকের সূত্র দিয়ে মোগলাবাজার থানা পুলিশ জানায়, বুধবার রাত ৩টায় মোগলাবাজার সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের মৃত-তালেবুল গণি ইস্তেশামুল গণি তাজেল (৪২) এর বাড়িতে ডাকাতরা হানা দেয়। ৮/৯ জনের ডাকাত দল বাসার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা লোহার রড, রামদা ছুরি ও ডেগার দিয়ে বাসায় বসবাসকারীদের আঘাত করে। এতে তাজেল গুরুতর আহত হন।

এ সময় ডাকাত দল বাসা থেকে ৩/৪ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, আইফোনসহ ৩টি মোবাইল, ১টি টিবিএস মেট্রোপ্লাস মোটরসাইকেল ও ৩ লক্ষ নগদ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, ডিসি (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.