Sylhet Today 24 PRINT

সারাদেশে সাংবাদিকদের ডাটাবেইজ তৈরি চলছে

কোম্পানীগঞ্জে পিআইডির অংশীজনের সভায় তথ্য

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

সারাদেশের সাংবাদিকদের ডেটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার এ এইচ এম মাসুম বিল্লাহ।

তিনি বলেন, ডেটাবেজ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করা হবে এবং এ পরিচয়পত্রই হবে সাংবাদিকদের একমাত্র পরিচয়পত্র।

রোববার সকাল ১১টায় আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে উপজেলার টুকেরবাজার পাঠাগারে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে অংশীজনের সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনেক সময় কর্মকর্তারা তথ্য দিতে চান না। সে ক্ষেত্রে কৌশলী হয়ে তথ্য বের করে নিতে হবে। তথ্য চুরি বা ফাঁস করতে গিয়ে আটক হলে তাকে দেশীয় আইনে শাস্তির সম্মুখীন হতে হবে। তাই সাংবাদিকদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তথ্য অনুসন্ধান করতে হবে। তাহলেই কেবল যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের কিসভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তথ্য অধিদপ্তরের ক্রয় কর্মকর্তা মো. শাহ আলম সরকার, প্রশাসনিক কর্মকর্তা মোহম্মদ মহসীন, সহকারী তথ্য অফিসার মো. মাসুদ পারভেজ, আলোকচিত্র গ্রাহক তানভীর আহম্মদ সিদ্দিকী ।

সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন- স্থানীয় দৈনিক জাগ্রত সিলেটের সহকারী সম্পাদক জহির রায়হান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সহ-সভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এখলাছ আলী, দপ্তর সম্পাদক কবির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন আহমদ, নির্বাহী সদস্য কবির হোসেন, নোমান আহমদ, সদস্য মো. শরীফ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.