Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, আহত শিশু

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১৮ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ব্রিজ পারাপারের সময় পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময়ে নিহতের কোলে থাকা আবিদুর রশীদ নামে সাড়ে ৩ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।

সোমবার বেলা ১১টায় ভানুগাছ স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ কোলের শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে ভানুগাছ যাওয়ার জন্য ব্রিজ পারাপার হচ্ছিলেন জোসনা। এসময় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার কোলে থাকা শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.