Sylhet Today 24 PRINT

মাধবপুর পূজামণ্ডপে হামলা ও ভাংচুর

মাধবপুর প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে পূজা মণ্ডপে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মণ্ডপ ও চেয়ার ভাংচুর করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সুধন দাস জানান, রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা পূজা চলাকালে পাশের গ্রামের কয়েকজন যুবক এসে আমাদের কয়েকজন পূজারির সাথে হঠাৎ করেই বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় তারা উত্তেজিত হয়ে পূজা মণ্ডপে হামলা চালায়, মূর্তি ভাংচুর করে এবং পুরো প্যাণ্ডেল তছনছ করে চলে যায়। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা মর্মাহত। আর এ ঘটনার সুষ্ট বিচার চাই।

এ বিষয়ে মাধবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায় জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনাটি আমাদের হৃদয়ে আঘাত করেছে। আমি চাই দ্রুত যেন হামলাকারীদের আইনের আওতায় আনা হয়।

মাধবপুর থানার (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.