Sylhet Today 24 PRINT

পচা-বাসি মিষ্টি বিক্রি: কুলাউড়ার মধুবনকে লাখ টাকা জরিমানা

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ার পৌরশহরে অবস্থিত মধুবনের পচা-বাসি মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েন যুক্তরাজ্য প্রবাসীসহ ৫ জন ক্রেতা।

বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান ও খাদ্য নিরাপত্তা অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের কর্মকর্তা সৌরভ রায় সরেজমিনে সেই প্রতিষ্ঠানে গিয়ে পচা-বাসি মিষ্টি বিক্রির সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মধুবনের বিক্রির জন্য পচা-বাসি মিষ্টি জব্দ ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর শহরের বাসিন্দা আশরাফুল ইসলাম খান হিরোসহ তার যুক্তরাজ্য প্রবাসী স্বজন রোববার মাওলানা জুবায়ের আহমদের মালিকানাধীন প্রতিষ্ঠান মধুবন থেকে সন্দেশ ক্রয় করেন। পরে সেটি খেয়ে তিনিসহ ৫ জন পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আশরাফুল ইসলাম খান উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান ও খাদ্য নিরাপত্তা অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের কর্মকর্তা সৌরভ রায় ওই প্রতিষ্ঠানে গিয়ে পচা-বাসি মিষ্টি বিক্রির জন্য রাখা হয়েছে দেখতে পান।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পচা মিষ্টি জব্দ করে নষ্ট করেন এবং মধুবনের কুলাউড়া শাখার ব্যবস্থাপক দিলদার উদ্দিনকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় কুলাউড়া থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, মধুবন কুলাউড়া শাখার সন্দেশ খেয়ে ৫ জন অসুস্থ ভুক্তভোগীদের এমন অভিযোগ পেয়ে সরেজমিনে সেখানে যাই। সেখানে বিক্রির জন্য রাখা কয়েক কেজি মিষ্টি ও সন্দেশ বাসি পাই। সেগুলো জব্দ করে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ১ লাখ টাকা জরিমানা করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.