Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ জুয়েল আহমদ (২৮) নামের এক যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটককৃত যুবক জুয়েল আহমদ মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার আভিযানিক টিম ভাদেশ্বরের মাইজভাগ গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এরপর ওই গ্রামের মৃত মজির উদ্দিনের বাড়ি থেকে শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতর থেকে হলুদ রংয়ের পলিথিনে মোড়ানো একটা দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় জুয়েল আহমদকে আটক করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.