Sylhet Today 24 PRINT

ভিসানীতি বিদেশগামী শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৭ সেপ্টেম্বর, ২০২৩

ভিসানীতি বিদেশগামী শিক্ষার্থীদের উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। সরকার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সিলেটে ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভিসানীতি নিয়ে এ সময় মন্ত্রী আরও বলেন, ভিসানীতি বিদেশগামী শিক্ষার্থীদের উপর কোনো প্রভাব ফেলবে না। কারণ তারা খুব আগ্রহী যাতে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের দেশে যায়। তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশী শিক্ষার্থীদের ফি এর উপর নির্ভরশীল।

প্রধান অতিথি বক্তব্যে দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাতে কেউ কান দিবেন না। পাশাপাশি আগামী বছরের প্রথম দিনই সবার হাতে নতুন বই তুলে দিতে সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী। ৫ টি ইভেন্টে সারাদেশে ৪ লাখ শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে চূড়ান্ত পর্যায়ে লড়ছে প্রায় ৫ শতাধিক খেলোয়াড়। দেশের ৮টি বিভাগকে ৪ টি অঞ্চলে ভাগ করে চলছে এই গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.