Sylhet Today 24 PRINT

ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠির কথা আমেরিকা উল্লেখ করেনি। তারা নিয়মিতভাবেই সকলকে ভিসা দেন না। এটা তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার ভিসানীতি নিয়ে আমাদের বিচলিত হবার কিছু নেই। এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই উদ্বিগ্ন নয়। বর্তমান সময় ও নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহীনি তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে।

আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। ভিসানীতি প্রণয়ন করেছেন, এটি তাদের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবে, কাকে যেতে দেবে না— এটি তাদের ব্যাপার। এ ব্যাপারে আমাদের মন্তব্য নেই এবং বলার কিছু নেই।

মন্ত্রী আরও বলেন, ভিসানীতি তারা ডিক্লেয়ার করেছে বলে আমরা শুনেছি। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি। কাজেই আমরা যেটা শুনেছি সেটাই জানি। এখন পর্যন্ত কাকে নিষিদ্ধ করেছে, সেগুলো আমরা জানি না। তারা যে লিস্টটা দিয়েছে, এটার ভিত্তি কী, সেটিও আমি জানি না। যেহেতু কিছুই জানি না, আমি মনে করি— এটা সম্বন্ধে মন্তব্য করার আমার কোনো এখতিয়ার নেই।

এ সময় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমজদার, সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন হেলাল, ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশসাক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশের আয়োজনে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। সেখানে যোগদেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.