নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর, ২০২৩
সিলেটের বালাগঞ্জে রাতের আধারে মনোরঞ্জন দেবনাথ নামের এক কৃষকের ৮ শতক জমির শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেটের বালাগঞ্জ উপজেলার হামসাপুর গ্রামের লাউচাষী মনোরঞ্জন দেবনাথ তার নিজের ৮ শতক জমিতে লাউয়ের বাগান করেন। সেখানে কয়েকশ লাউ গাছ ছিল। এগুলোতে মাত্র লাউ ধরেছে। গতরাতে প্রায় সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ থানায় একটি মৌখিক অভিযোগ জানিয়েছেন মনোরঞ্জন দেবনাথ। যেখানে কেটে ফেলা লাউ বাগানের ক্ষয়ক্ষতি আনুমানিক দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, আজ সকালে ক্ষতিগ্রস্ত কৃষক মৌখিকভাবে আমাদের কাছে অভিযোগ করেছেন। থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন।
এদিকে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।