সিলেটটুডে ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০২৩
যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত হয়েছেন হবিগঞ্জের জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস।
পুরস্কারের আয়োজক নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ‘কিডস রাইটস ফাউন্ডেশন’। সংস্থাটি তাদের ওয়েবসাইটে মনোনয়নের তথ্য প্রকাশ করেছে।
কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, 'যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস ১৬ বছর বয়সী শিশু জলবায়ু অধিকারকর্মী। ২০২০ সাল থেকে ‘ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস’ নামের একটি ইয়ুথ নেটওয়ার্কের সঙ্গে জলবায়ু ও শিশু অধিকার নিয়ে কাজ করছেন যুধিষ্ঠির।
বাংলাদেশের ৪৪টি জেলাসহ বিশ্বের ২০টি দেশ সমন্বয়ে মোট ১৫ হাজারেরও বেশি তরুণ নিয়ে কাজ করছে সংগঠনটি। বর্তমানে তিনি ইয়ুথনেটের গ্লোবাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। বিশ্বের ৩০০ এরও বেশি সদস্য নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংগঠনটি কাজ করছে।
যুধিষ্ঠির আন্তর্জাতিক সংগঠন 'Mock COP'এর ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও ২০১৭ সাল থেকে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ এ তিনি কাজ করছেন।
২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। এই ক্যাটাগরিতে বিশ্বের ৪৬ দেশ থেকে ১৭৫ জন শিশুকে এ পুরস্কার দেয়া হবে।