Sylhet Today 24 PRINT

সম্পত্তির জন্য পিতাকে খুন করতে চেষ্টা চালিয়েছে পুত্র, একজন গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০২৩

সিলেটের বিয়ানীবাজারে পিতার সম্পত্তি আত্মসাতের লোভে এক পিতাকে হত্যার চেষ্টা চালিয়েছে  ছেলে ও তার সহযোগীরা। এ ঘটনায় পিতা নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনায় জড়িত এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।

জানা যায়, উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী জামিল আহমদ ও তার সহযোগীরা পিতা আজিজুল হকের জমিজমা আত্মসাতের লোভে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে হামলা চালায়। জামিল আগেই তার অংশের জমিজমা বিক্রি করে প্রবাসে পাড়ি জমায়। সেখানে যাওয়ার পর সে স্ত্রীকে নিয়ে পৃথক সংসার গড়ে। সম্প্রতি দেশে ফিরে সে আরও কিছু জমি বিক্রি করতে পিতা আজিজুল হককে চাপ প্রয়োগ করে। ঘটনার দিন ও সময়ে ছেলে জামিল তার সহযোগীদের নিয়ে এসে জমিজমা তার নামে লিখে দেয়ার জন্য জোরপূর্বক তৎপরতা চালায়। এতে পিতা আজিজুল সম্মত না হলে পিতাকে লোহার রড দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করে। এতে আজিজুল হক গুরুতর আহত হন।

এসব বিষয় উল্লেখ করে পিতা আজিজুল হক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১ অক্টোবর মামলাটি রেকর্ড করে। সোমবার ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামি মিয়াজান আলীকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামি আজিজুল হকের ছেলে জামিল আহমদ, রকিব আলীর ছেলে নানু মিয়া, সিদ্দেক আলীর রকিব আলী ও আজির উদ্দিন, সফিক উদ্দিনের ছেলে জুবের আহমদ ও জাবের আহমদ পলাতক রয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর জানান, পিতার অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.