Sylhet Today 24 PRINT

মার্কিন পর্যবেক্ষকদের কাছে সুষ্ঠু নির্বাচনে করণীয় পদক্ষেপ তুলে ধরেছে ইসি

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) কীভাবে কাজ করবে, দায়িত্ব কতটুকু, সরকারের সঙ্গে কমিশনের সম্পর্ক কতটুকু- এসব বিষয়ে জানতে চেয়েছে সফররত মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।

এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে সরকার কী করতে পারে, কমিশনের দায়িত্ব কতটুকু তা জানতে চেয়েছে। আমরা সবকিছুই তাদেরকে বোঝাতে পেরেছি।’

মঙ্গলবার (১০ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। বৈঠকে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটে ইসির রুল, দায়িত্বসহ সার্বিক বিষয় জানতে চেয়েছে প্রতিনিধিদল। তারা চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন হোক। তারা যা যা জানতে চেয়েছে আমরা সব জানিয়েছি। এখন এটা দিয়ে তারা কী করবে আমরা জানি না। হয়তো তারা দেশে ফিরে সিদ্ধান্ত নেবে- পর্যবেক্ষক দল পাঠাবে কী পাঠাবে না। তবে তারা যুক্তরাষ্ট্রের সরকারের কোনো প্রতিনিধি নয়। তারা ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন চায়।’

মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক প্রতিনিধিদলের মধ্যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশী মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবে। গতকাল সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধীদল জাতীয় পাটি ও বিএনপির সঙ্গে বৈঠক করে এ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।

গত ৭ অক্টোবর বাংলাদেশে এসেছেন এ পর্যবেক্ষকরা। তারা অবস্থান করবেন ১৩ অক্টোবর পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.