সিলেটটুডে ডেস্ক | ১৪ জানুয়ারী, ২০১৬
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অবিলম্বে মদন মোহন কলেজকে সরকারি করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সংগঠন মদন মোহন কলেজ শাখার একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক জয়নাল আবেদিনের সাথে সাক্ষাত করে স্মারকলিপি প্রধান করেন।
প্রতিনিধি দলে উপস্থিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, কলেজ শাখার আহবায়ক লিপন আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, পলাশ কান্ত দাস প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘‘বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের আশা আকাক্সক্ষার অন্যতম প্রতীক হচ্ছে মদন মোহন কলেজ। পরাধীন ভারতবর্ষে শিক্ষা বিস্তারের আকুলতা নিয়ে মোহিনী মোহন দাশ ও যোগেন্দ্র মোহন দাশ ১৯৪০ সালে প্রতিষ্ঠা করেন মদন মোহন কলেজ। তৎকালে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্য থেকেই মদন মোহন কলেজের প্রতিষ্ঠা। এ অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের পাশাপাশি বায়ান্ন’র ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে মদন মোহন কলেজের অগ্রণী ভূমিকা পালন করেছে। অথচ প্রতিষ্ঠার ৭৫ বছরে পদার্পণ করার পরেও সিলেট বিভাগের অন্যতম এ বিদ্যাপীঠ এখনও বেসরকারি প্রতিষ্ঠান। এ কারণে কলেজ পরিচালনার জন্যে দফায় দফায় বাড়ানো হচ্ছে ছাত্র বেতন, যা সাধারণ খেটে-খাওয়া মানুষের সন্তানদের শিক্ষার দ্বার ক্রমশ সংকুচিত করছে। তাই সাধারণ মানুষের আকাক্সক্ষার পরিপূরক হিসেবে এ কলেজকে সরকারি করার কোন বিকল্প নেই।’’