Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ছাত্রীসহ নিহত ২

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০২৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় দূরপাল্লার বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সিএনজি চালক ও অপরজন স্কুল ছাত্রী। এসময় আরও ৪ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কের পাথারিয়া বাজার সংলগ্ন পাথারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনায় নিহত সিএনজি চালক শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা নূর জালাল ওরফে আবু মিয়ার ছেলে এমরান মিয়া (৩৫) ও স্কুল ছাত্রী দিরাই থানাধীন শরীফপুর গ্রামের শায়খুল ইসলাম সজিবের মেয়ে তাওহিদা বেগম (১৩)। তাওহিদা স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলেন শরীফপুর গ্রামের বাসিন্দা হিরণ মিয়ার মেয়ে ফাতেমা বেগম (১২), মাসুক মিয়ার মেয়ে সুনারা বেগম (১২), মৃত মাসুদ উল্লার ছেলে তালেব আলী (৬০ ও মৃত কটাই মিয়ার ছেলে মক্তছর আলী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিরাইগামী সাকিন পরিবহনের একটি দূরপাল্লার বাস ও দিরাই থেকে পাগলা বাজারগামী একটি সিএনজি পাথারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যান চলাচল স্বাভাবিক। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.