Sylhet Today 24 PRINT

বালুচরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক |  ১৪ অক্টোবর, ২০২৩

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে নগরের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ ও বর্তমান সভাপতি নাজমুল ইসলামের নিয়ন্ত্রণাধীন নেতা-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে নগরের বালুচর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান সভাপতির নিয়ন্ত্রণাধীন দুটি পক্ষ। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। রাত পৌনে নয়টা থেকে পৌনে এক ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ জানান, তিনিও শুনেছেন, বালুচর এলাকায় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে।

জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলামের পক্ষের সঙ্গে তার কোনো ঝামেলা নেই বলে তিনি দাবি করে হিরণ মাহমুদ বলেন, নাজমুল ছাত্রলীগের বর্তমান সভাপতি, সম্পর্কে ছোট ভাই। তার সঙ্গে কোনো বিরোধ নেই। বালুচর এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা আছেন। ঝামেলা হলে দুই পক্ষের মধ্যে হতে পারে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ সম্ভব হয়নি।

মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, বালুচর এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.