নিজস্ব প্রতিবেদক | ১৮ অক্টোবর, ২০২৩
অকাল প্রয়াত যুব রাজনীতিবিদ যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৮ সালের ১৮ অক্টোবর ভারতের শিলং সফরে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
মইনুদ্দিন আহমদ জালালের মৃত্যুবার্ষিকীতে গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুরে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক সংগঠন ধরাধরপুর পারিবারিক কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে।
বাড়িতে তার স্মরণে স্থাপন করা ‘জালাল অন্তর’ স্থানে ৬০টি বৃক্ষ রোপণ করা হবে। তার পৈত্রিক নিবাস সুনামগঞ্জে আগামী শুক্রবার সন্ধ্যাছয়টায় স্মরণসভা আয়োজন করেছে স্মৃতি সংসদ।
জীবদ্দশায় সাহসী, বিনয়ী যুব রাজনীতিবিদ হিসেবে পরিচিত মইনুদ্দিন আহমদ জালাল ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিত এক কর্মী। বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি এবং আন্তর্জাতিক নদী অধিকার বিষয়ক সংগঠন অঙ্গীকার বাংলাদেশের পরিচালক ছিলেন। আইন পেশায় তিনি সিলেট ও সুনামগঞ্জ বারের সদস্য ছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যুব-আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছেন।
পৃথিবীর ৩২টি দেশে ৬২টি আন্তর্জাতিক যুব উৎসবে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক উজ্জ্বল মেহেদীর তত্ত্বাবধানে নির্মিত ‘দেখবো তোমারে...’ তথ্যচিত্রে তার কর্মময় জীবন তুলে ধরা হয়। তথ্যচিত্রটি ২০২০ সালে ইউটিউবে আপলোড করা হয়।