ওসমানীনগর প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০২৩
সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা বেলষষ্ঠীর মধ্য দিয়ে সারাদেশের ন্যায় সিলেটের ওসমানীনগরে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার উপজেলার বিভিন্ন এলাকায় ৩৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে ২৭টি পূজা মণ্ডপে সার্বজনীন এবং ৭টিতে ব্যক্তিগত পূজা অনুষ্ঠিত হবে।
ওসমানীনগর থানা পুলিশ বিভিন্ন দিক পর্যালোচনা করে ৩৪টি পূজা মণ্ডপের মধ্যে ১০টিকে অধিক গুরুত্বপূর্ণ, ১২টি গুরুত্বপূর্ণ এবং ১২টি পূজা মণ্ডপকে সাধারণ পূজা মণ্ডপ হিসেবে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রতিটি অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ গুলোতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রতি তিনটি পূজা মণ্ডপের জন্য একটি করে পুলিশের টহল টিম মোতায়েন থাকবে যাতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এরাতে ৫মিনিটের মধ্যে পূজা মণ্ডপে টহল টিম উপস্থিত হতে পারে সে ভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বেলষষ্ঠীর দিন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত ৫দিন অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ৬ জন করে আনসার সদস্য, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ৪জর করে এবং সাধারণ পূজা মণ্ডপে ২জন করে ২৪ঘন্টা আনসার সদস্য দায়িত্ব পালন করবে।
সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ২৭টি সার্বজনীন পূজা মণ্ডপে প্রতিটিতে ৫শ’ কেজি করে সাড়ে ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় উপজেলার ৩৪টি পূজা মণ্ডপের পূজারী ও পূজা পরিষদ সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্কর সেন বলেন, ওসমানীনগরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সেই সম্প্রীতি বজায় থাকবে বলে আমি আশা করছি। প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি কোনো সমস্যা ছাড়াই আমাদের উপজেলার ৩৪টি পূজা মণ্ডপে সুন্দর ভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, থানা পুলিশের পক্ষ থেকে আমরা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক পূজা মণ্ডপ গুলোতে নজরদারি রাখবে। প্রতি ৩টি পূজা মণ্ডপের জন্য একটি করে পুলিশের টহল টিম থাকবে। তাছাড়া আমি নিজেও সার্বক্ষণিক বিভিন্ন পূজা মণ্ডপের দিকে নগরদারি রাখব। আশা করি কোনো অপৃতিকর পরিস্থিতি ছাড়াই আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে।