Sylhet Today 24 PRINT

‘বড়-বিলে’ ঐতিহ্যের মাছ ধরা উৎসব!

জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ  |  ১৪ জানুয়ারী, ২০১৬

উৎসবের আমেজে উদযাপন করা হলো এককালের হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্য ‘পলো বাওয়া’ উৎসব। ভারট, দখলসহ বিভিন্ন কারণে কমে যাচ্ছে নদ-নদী। একে একে বিলীন হতে চলেছে খাল-বিল। তারপরও আদিকাল থেকেই সেই চির চেনা মাছ ধরা উৎসব সিলেটের বিশ্বনাথবাসী আজও লালন করে আসছেন।

প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় বছরে নির্ধারিত যে ৩টি বিলে পলো দিয়ে মাছ ধরা হয় এর একটি হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের ‘মাদাই বিল’। অন্য দুটি হচ্ছে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের ‘বড় বিল’ ও একই গ্রামের পশ্চিমের ‘দরং বিল’। সেই আদিকাল থেকেই বড় বিলে বছরের পহেলা মাঘ ‘পলো বাওয়া’ উৎসব পালন করেন গোয়াহরি গ্রামবাসী। এবছরও এর ব্যতিক্রম হয়নি।

বৃহস্পতিবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি ‘বড়-বিলে’ হয়ে গেলে ঝপ ঝপা ঝপ ‘পলো বাওয়া’ উৎসব। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাছ ধরায় মেতেছিলেন ছেলে বুড়ো সকলে। তাদের ওই মাছ ধরা উৎসব জানিয়ে দিয়েছে প্রাচীণ ঐতিহ্য ‘পলো বাওা’ উৎসব হারিয়ে যায়নি।

প্রতি বছর ওই ‘বড় বিলে’ মাছ ধরার উৎসবে সামিল হতে গ্রামের প্রবাসীরা দেশে ফেরেন। এবছরও যুক্তরাজ্য প্রবাসী মনোহর খানসহ গ্রামের অধিকাংশ পরিবারের আত্মীয় স্বজন দেশে এসেছেন। সকলের সঙ্গে তারাও (প্রবাসীরা) দেশীয় মাছ ধরায় অংশ নিয়েছেন। যদিও ‘পলো বাইছ’ কিন্তু পলো ছাড়াও, ঠেলা জাল, হাতা জাল ইত্যাদি নিয়ে মাছ ধরায় মেতেছিলেন গ্রামবাসী। এবছর অন্য বছরের মতো অধিক মাছ না পাওয়ায় নিরাশ হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। আবার কেউ কেউ বোয়াল, শোল, গজার, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেছেন।

সিঙ্গেরকাছ এলাকার প্রবীণ সালিশী ব্যাক্তিত্ব দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলী প্রতিবেদককে বলেন, গোয়াহরি গ্রামের ওই বিলে প্রায় ৪শ’ বছর ধরে একই তারিখে ‘পলো বাওয়া’ হয়ে থাকে। প্রাচীণ ঐতিহ্য হিসেবে বড় বিলে মাছ ধরায় শুধু গোয়াহরি গ্রামের বাসিন্দারা এবং তাদের আত্মীয় স্বজনরাই অংশ নিতে পারেন। তবে পার্শবর্তি দরং বিলে আশপাশ গ্রামের সকলেই এক সঙ্গে মাছ ধরায় অংশ নেন।

গোয়াহরি গ্রামের আব্দুল জব্বার ও ইউপি সদস্য গোলাম হোসেন এ প্রতিবেদককে বলেন, এটা আমাদের গ্রামের একটি রেওয়াজ। আমাদের বিশ্বনাথের একটি পুরনো ঐতিহ্য। প্রতিবছর মাঘ মাসের ১তারিখে মাছ ধরা হয় বলেই আমরা যুগ যুগ ধরে এ উৎসবকে ‘বার্ষিক পলো বাওয়া’ উৎসব হিসেবেই পালন করে আসছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.