Sylhet Today 24 PRINT

সারদা হলে নাট্যকর্মীদের ওপর হামলা: সিলেট বিএনপির দুঃখপ্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০২৩

সিলেট নগরের সারদা হলে নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিএনপি।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এই দুঃখপ্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর সিলেট মহানগরীর সারদা হল প্রাঙ্গণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর সাথে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এক বিবৃতিতে বিএনপির নেতৃবৃন্দ বলেন, এমন ঘটনায় আমরা দুঃখিত ও মর্মাহত। এঘটনায় যারা সংক্ষুব্ধ হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ও সহমর্মিতা জানাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.