Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে হাওরে মিলল অ্যাসল্ট মামলার আসামির মরদেহ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০২৩

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের হাওর থেকে কামাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামাল গরু চোরাই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত ও বিজিবি’র দায়ের করা অ্যাসল্ট মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার ভিতরগুল গ্রামের পাহাড়তলি দমদমা হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কামাল উদ্দিন ভিতরগুল গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে দমদমা হাওরে কামাল উদ্দিনের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারত থেকে অবৈধ পথে আনা গরু চোরাচালানকারীদের সঙ্গে কামাল উদ্দিনের সম্পৃক্ততা ছিল। সপ্তাহ দিন আগে ভারত থেকে গরু নামাতে গিয়ে বিজিবি তাদের ধাওয়া করে। ওই ঘটনায় বিজিবি থানায় অ্যাসল্ট মামলা দায়ের করে। ওই মামলারও আসামি কামাল উদ্দিন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বিজিবির ধাওয়া খেয়ে হাওরে সাঁতার কেটে পালাতে গিয়ে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.