Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে দ্রুত বিচার মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০২৩

সংবাদ সম্মেলনের পর এবার সিলেটের বিশ্বনাথের মৌলভীগাঁও গ্রামের লন্ডন প্রবাসী লেবু মিয়ার বাড়ির দৃষ্টিনন্দন গেট ভাঙচুরকারী আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙচুরকৃত গেটের পাশে মৌলভীরগাঁও ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রবাসী লেবু মিয়ার পক্ষ।

মানববন্ধনে বক্তব্য দেন গ্রামের প্রবীণ মুরব্বী লিয়াকত আলী, প্রবাসী লেবু মিয়ার ভাতিজা রাহেদ মিয়া এবং চাচাতো ভাই সায়েস্তা মিয়া। তারা বলেন, গত ২২ সেপ্টেম্বর পূর্ব বিরোধের জের ধরে পাশের বাড়ির প্রতিপক্ষ তোফায়েল আহমদ, সাইকুল ইসলাম ও জাহেদুল হক আড়াই শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে গুলি করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে প্রবাসী লেবু মিয়ার গেট ভাঙচুর করেন। এ ঘটনায় প্রবাসীর চাচাতো ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন, (বিশ্বনাথ সিআর মামলা নং-৪৫/২০২৩)। কিন্তু মামলার দীর্ঘদিন হয়ে গেলেও পুলিশ ওই মামলার কোন আসামিদের গ্রেপ্তার করছে না। এতে তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। অচিরেই আসামিদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এরআগে গত ১ অক্টোবর বিশ্বনাথের দু’টি প্রেসক্লাবে পৃথকভাবে সংবাদ সম্মেলন করেন প্রবাসী লেবু মিয়ার পক্ষ। এতে আসামিদের গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ওইদিন গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীর আরেক ভাতিজা স্কুলছাত্র আরিফ হাসান।

এ-প্রসঙ্গে বিশ্বনাথ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পুলিশের বিরুদ্ধে আনিত এসকল অভিযোগ ভিত্তিহীন। প্রবাসী লেবু মিয়া পক্ষ দ্রুত বিচার আইনের মামলায় যেসকল অভিযোগ এনেছেন পুলিশি তদন্তে তার কোন সত্যতা পাওয়া যায়নি।

মানববন্ধনে শিক্ষানুরাগী হরুফ আলী, জয়নাল আবেদীন, লায়েক মিয়া, আশরাফ মিয়া, মাহবুবুর রহমান, ময়নুল ইসলাম, জাবের হোসেন, শানুর আলী, ছালিক মিয়া, সোহেল আহমদ, জুবায়ের আহমদ, হান্নান মিয়া, ছাদিকুর রহমান, আজিজুর রহমান, রায়হান আহমদ, সংগঠক আবুবক্কর, মোহাম্মদ আলী, নাদেল মিয়া, আলী আহমদ, হুসন মিয়া, দিলোয়ার হোসেন, আরিফ হাসান, আনছার মিয়া, লুকমান মিয়া ও আলী হোসেন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.