দিরাই প্রতিনিধি | ২৭ অক্টোবর, ২০২৩
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক‚ মুক্তিযুদ্ধকালীন সুনামগঞ্জ জেলা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুস শহীদ চৌধুরী’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে দিরাই পৌর শহরের আরামবাগস্থ নিজ বাসভবনে শহীদ চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিরাই পৌর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হক চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ছাদিকুর রহমান।
শহীদ চৌধুরী বড় সন্তান সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল পরিবারের পক্ষ থেকে পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেন।
এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিরাই পৌরসভার ৪৮টি মসজিদে বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।