Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পৃথক অভিযানে ভারতীয় গরু, মহিষ, মদ ও চিনি জব্ধ

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০২৩

জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসন পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৩১টি মহিষ, ১৪টি গরু, ১৮ বস্তা চিনি এবং অবৈধ ৪৫ বোতল মদ আটক করেছেন।

গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় মহিষ, গরু, মাদক ও চিনি জব্ধ করা হয়। পুলিশের অভিযানে মদ সহ জৈন্তাপুর ইউনিয়নের ১নং লক্ষীপুর গ্রামের বাসিন্দা আব্দুস শুকুরের ছেলে নাছির উদ্দিন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার ভোর সাড়ে ৭ টার দিকে যশপুর, কমলাবাড়ি সাইট্রাস কৃষি গবেষনা কেন্দ্র এলাকা থেকে ভারতীয় ৬টি গরু আটক করা হয়। পরবর্তী সময়ে বিকেল ৫ টার দিকে উন্মুক্ত নিলামে ২ লাখ ৯৮ হাজার টাকায় বিক্রয় করে সরকারি রাজস্ব আদায় করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সহ জৈন্তাপুর বাজার ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রীপুর সীমান্ত ফাড়ির বিজিবি'র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোর রাতে শ্রীপুর, আলু-বাগান আসামপাড়া আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় ৩১টি মহিষ আটক করেন। শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, তামাবিল শুল্ক রাজস্ব কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মুক্ত নিলামে আটক ৩১টি ভারতীয় মহিষ বিক্রয় করা হবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম এর দিক-নিদের্শনায় পুলিশ উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ৮ টি গরু, ১৮ বস্তা চিনি এবং ৪৫ বোতল মদ সহ ১জন আটক করা হয়। পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করেন। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক পার্থ রঞ্জন চক্রবর্তী পুলিশের অভিযানের এই তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.