Sylhet Today 24 PRINT

সমবায় ভবন রক্ষার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০২৩

ভূমিখেকোদের হাত থেকে মার্কেট রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নগরের জিন্দাবাজারের সমবায় ভবনের ব্যবসায়ীরা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর জিন্দাবাজার সমবায় ভবন মার্কেটের সামনে সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মার্কেটের সামনে এসে শেষ হয়।

সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম লস্করের সভাপতিত্বে ও মো. মখলিছুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সদস্য মো. মুজিবুর রহমান (শওকত), কামরুল ইসলাম, ফারুক হোসেন, শফিকুর ইসলাম, আনোয়ার রশিদ, বাদল হোসেন, হুমায়ুন কবির, আব্দুস সালাম, সিরাজুল ইসলাম সিরাজ, মোন্তাকিম নাঈম প্রমুখ।

বক্তারা বলেন, সাধারণত আমাদের ভবনের মেয়াদ ৯০ থেকে ১০০ বছর থাকে। সমবায় ভবন মার্কেটে আছে ৪টি আলাদা আলাদা ভবন। যেগুলো নির্মাণ করা হয়েছে ভিন্ন ভিন্ন সনে। প্রথম ভবনটি নির্মিত হয়েছে ১৯৬৪-১৯৬৫ সনে, পরে ১৯৮২- ১৯৮৩ ও ১৯৮৫-১৯৮৬ সনে এবং সর্বশেষ ভবনটি নির্মিত হয়েছে ১৯৯৫-১৯৯৬ সনে। প্রতিটি ভবন তৈরি হওয়ার কথা ছিল ৫ তলা বিশিষ্ট, কিন্তু নির্মিত হয়েছে ২টি দু'তলা আর ২টি ৩ তলা পর্যন্ত। উল্লেখ্য যে দু'টি ভবনের মেয়াদ ৩৭ বছর ও ১টি ভবনের মেয়াদ ২৭ বছর হয়েছে কিন্তু এই ভবনগুলোর মধ্যে কোনোটির মেয়াদ ৯০ বা ১০০ বছর পূর্ণ হয়নি। ভবনগুলোর মধ্যে একটি ব্যতীত বাকি ৩টি ভবনের কোন কারিগরি প্রতিবেদনও নেই। তাহলে কীভাবে এ মার্কেট ঝুঁকিপূর্ণ হয়?

তারা বলেন, সমস্যা সমাধানের জন্য আমাদের সময়ের প্রয়োজন। এছাড়া মার্কেট সংক্রান্ত মামলা আপিল বিভাগে, আপিল শুনানির জন্য অপেক্ষায় আছে। যা আগামী ২০ নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত হবে।

ব্যবসা পরিচালনা করার জন্য বিকল্প জায়গা এবং নতুন মার্কেট নির্মিত হলে দোকান বরাদ্দের নিশ্চয়তা প্রদানের দাবি জানিয়ে বক্তারা আপিল শুনানির আগ মুহূর্ত পর্যন্ত মার্কেট ভাঙার কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.