নিজস্ব প্রতিবেদক | ২৯ অক্টোবর, ২০২৩
আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও জামায়াত। তবে বিএনপি ও জামায়াতের ডাকা হরতালেও সিলেটে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সিলেটের পরিবহন নেতারা।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম শনিবার (২৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সিলেটেও রোববার বাস চলাচল করবে। হরতালের পক্ষে বা বিপক্ষে আমরা নয়। আমরা কাউকে বলতে পারবো না গাড়ি বন্ধ রাখতে বা চালাতে। তবে যে যার মতো গাড়ি চালাতে পারেন এতে আমাদের কোনো বাধা নিষেধ নেই।
ঢাকার নয়াপল্টনে পুলিশি হামলার অভিযোগ এনে বিএনপির মহাসমাবেশ থেকে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে হরতালের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার পরপরই শনিবার বিকেলে সিলেটে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানিয়েছে সিলেট বিএনপি। একই দিনে জামায়াতও হরতালের কর্মসূচি ঘোষণা করেছে।
সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রোববার সিলেট জেলার সর্বত্র সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সগঠনের নেতাকর্মীদের একাংশ ঢাকায় থাকলেও বড় অংশ সিলেটে রয়ে গেছেন। কাল (রোববার) সকাল থেকে তারা সিলেটের রাস্তাঘাট দখলে নিয়ে হরতাল সফল করবেন। তাছাড়াও ঢাকায় অবস্থানরত নেতাকর্মীরা রাতের মধ্যে সিলেটে ফেরার কথা রয়েছে।
হরতাল নিয়ে সিলেট জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হয়েছে। শনিবার রাতে এক বিবৃতিতে সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী সারাদেশের ন্যায় রোববার সিলেটেও শান্তিপূর্ণ সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
হরতালের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে পুলিশ। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।