বিয়ানীবাজার প্রতিনিধি | ২৯ অক্টোবর, ২০২৩
বিয়ানীবাজার হরতালের প্রতিবাদে মিছিল করেছে আওয়ামী লীগ
বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি বিয়ানীবাজার উপজেলা এবং পৌর শহরে। অন্যান্য দিনের মতো রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে উপজেলা সদর ও অভ্যন্তরীণ সড়কগুলোতে স্বাভাবিক ছিল যান চলাচল। তবে যাত্রী সংকটে দূরপাল্লার বাসগুলো বন্ধ ছিল।
পৌরশহরের উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার, চায়ের দোকান থেকে রাস্তাঘাট সবখানেই মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক।
এদিকে হরতাল ঘিরে বিএনপি এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা দেয়া জামায়াত-শিবিরের নৈরাজ্য মোকাবেলায় সতর্ক অবস্থানে ছিল বিয়ানীবাজার থানা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলার মোড়ে মোড়ে ছিল পুলিশের অবস্থান।
হরতালের নামে নাশকতার চেষ্টা করলে তা রুখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি দেব দুলাল ধর।
হরতালের প্রতিবাদে বিয়ানীবাজার উপজেলা সদরে মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, বিয়ানীবাজারের কোথাও হরতালের সমর্থনে মিছিল পিকেটিং করেনি বিএনপি-জামায়াত কিংবা তাদের মিত্ররা।
আতাউর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মাঠে থাকায় এতে অনেকটাই স্বস্তি ফেরে জনমনে। সাহস নিয়ে সকাল থেকে কাজে বের হয় কর্মমুখী সকল শ্রেণি পেশার মানুষ।