Sylhet Today 24 PRINT

দেশে সারের অভাব নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৯ অক্টোবর, ২০২৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, উৎপাদন বাড়িয়ে কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃষি প্রণোদনা দিয়ে সরকারও কৃষকের পাশে আছে। এছাড়া কৃষকরা যেন সহজে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সেজন্য স্টিলের সাইলো নির্মাণ করা হচ্ছে। কৃষক ভেজা ধান নিয়ে গেলেও তাদের কাছ থেকে ধান কেনা হবে।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় সিলেটের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজুত ক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী সারাদেশে আরও ২০০ পেডি সাইলো নির্মাণের উদ্যোগ নিয়েছেন জানিয় মন্ত্রী আরও বলেন, পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানা রকম ভাতা দিয়ে যাচ্ছে সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন- উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকরা বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হয়েছেন। আমাদের ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে বলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সক্ষম হয়েছি। দেশে সারের অভাব নেই, পর্যাপ্ত সার মজুত আছে। সেচের ব্যবস্থা করা হয়েছে। সরকার সার আমদানিতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.