Sylhet Today 24 PRINT

আম্বরখানায় পিকআপ চাপায় পুলিশের এএসআই নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৯ অক্টোবর, ২০২৩

নিহত এএসআই বুরহান উদ্দিন

সিলেটে পিকআপ চাপায় পুলিশের এক অতিরিক্ত উপ পরিদর্শক নিহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে ওসমানী বিমানবন্দর সড়কের আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপ ভ্যান চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই বুরহান উদ্দিন আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বুরহানের বাড়ি গোয়াইনঘাট উপজেলার কান্দিগ্রাম ইউনিয়নে। তিনি এক সন্তানের জনক। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান।

পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান আজবাহার। এছাড়া অটোরিকশা চালক ইউসুফকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.