Sylhet Today 24 PRINT

মাধবপুরে সংখ্যালঘুর ঘর নির্মাণে বাধা, টাকা না দিলে লাশ ফেলার হুমকি

জেলা প্রশাসক ও ডিআইজির নিকট অভিযোগ করে প্রতিকার নেই

মাধবপুর প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিজেদের জায়গায় ঘর নির্মাণ কাজে দীর্ঘদিন ধরে বাধা দিচ্ছে স্থানীয় এক প্রভাবশালী ও তার লোকজন। এই ঘটনায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন ডিআইজি ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার হয়নি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে শ্যামল চন্দ্র দেব আহাম্মদপুর মৌজায় ৩ শতক জায়গা ক্রয় করে বাড়ি নির্মাণ শুরু করলে একই গ্রামের মো. মঞ্জুর আলীর ছেলে এখলাছুর রহমান রুকু মিয়া ও তার লোকজন এসে বাড়ি নির্মাণ কাজে বাধা দেয়। এই জায়গার ঘটনার জের ধরে রুকু মিয়া ও তার লোকজন শ্যামল দেবকে ২০২২ সালে মারপিট করলে শ্যামল দেব বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- জিআর ৫৭৯/২২)। মামলার পর রুকু ও তার লোকজন শ্যামল দেবের উপর আরও ক্ষিপ্ত হয় তারা শ্যামল দেবকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাতে শুরু করে।

এইসব ঘটনায় শ্যামল দেব বাদী হয়ে মাধবপুর থানায় পর পর ৩টি সাধারণ ডায়রি (জিডি) করেন।

দীর্ঘদিন যাবত বাড়ি করতে বাধা প্রদান ও তাকে হুমকি দেওয়ার ঘটনা উল্লেখ করে শ্যামল দেব গত ১৬ আগস্ট সিলেট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) ও এরআগে গত ২ আগস্ট হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ করেন।

গত রোববার দুপুরে শ্যামল দেব তার নির্মাণাধীন বাড়ির কাজ করার জন্য কিছু রাজমিস্ত্রি নিয়ে গিয়ে কাজ শুরু করলে এখলাছুর রহমান রুকু ও তার লোকজন এসে বাধা দেয়। এ সময় রুকু হুমকি দিয়ে বলে এইখানে কাজ করলে লাশ পড়বে।

রুকু ও তার লোকজনদের বাধায় শ্যামল দেব ও তার কাজের লোকজন ভয়ে চলে যায়।

এই ব্যাপারে শ্যামল চন্দ্র দেব জানান, তিনি নিজে জায়গা খরিদ করে এখানে ভবন নির্মাণ করছেন। রুকু নামে একজন দীর্ঘদিন যাবত তার কাজে বাধা দিচ্ছে। রুকুর দাবি এখানে কাজ করতে হলে তাকে টাকা দিতে হবে। টাকা না দিলে কাজ করতে দেবে না। রুকু কয়েকবার তাকে মেরে ফেলতে চেষ্টা করেছে। এই সব ঘটনায় রুকুর নামে থানায় একাধিক জিডি করা আছে। তিনি সংখ্যালঘু, তাই রুকু তাকে নানা ভাবে নির্যাতন করছেন।

অভিযোগ অস্বীকার করে এখলাছুর রহমান রুকু মিয়া জানান, এই জায়গা তিনি মোছা. শিরিনা আক্তারের নিকট থেকে বন্ধক রেখেছেন। তাই শ্যামল দেব টাকা না দিলে এইখানে ঘর তুলতে দেওয়া হবে না।

শ্যামল দেবের নিকট কোন টাকা পাওনা আছে কিনা এমন প্রশ্নে রুকু বলেন, শ্যামল দেবের নিকট টাকা পাওনা নেই, তবে শিরিন আক্তারের জায়গা শ্যামল দেব কিনেছেন তাই শ্যামল দেবকে টাকা দিতে হবে।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.