Sylhet Today 24 PRINT

সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৬

সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোয়াইনঘাট উপজেলার রুস্তোমপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন।

শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় কুপারবাজারে অনুষ্ঠিত মানবন্ধন পরবর্তী সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী টাইগার শামীম ও তাঁর সহযোগী বিভিন্ন প্রলোভন ও ভয় ভীতি দেখিয়ে রুস্তমপুর ইউনিয়নের নিরীহ মানুষজনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাঁর সহযোগীরা মামলা ও হয়রানির ভয় দেখিয়ে কয়েক লক্ষ টাকা লুটে নেয়। সর্বশেষ পাথর কোয়ারীর মালিক ডা. নবী হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী করে চাঁদা না দিলে টাইগার শামীমের সহযোগী মন্তাজ উদ্দিন মন্তু সহ ১০/১২ জন সন্ত্রাসী জোরপূর্বকভাবে তুলে নিতে গিয়ে ব্যর্থ হয়ে হত্যার হুমকি দিয়ে আসছে।

বক্তারা অভিযোগ করে বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু দীর্ঘদিন ধরে এ প্রভাবশালী মহল নানা ধরনের অপরাধ করে গেলেও তাদেরকে আইনের আওতায় না আনায় সন্ত্রাসীরা একের পর এক অপকর্ম করে যাচ্ছে। আমরা এর সাথে জড়িতদের গেপ্তার ও দৃষ্ঠান্তমূলত শাস্তি দাবি করছি।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ১নং রুস্তমপুর ইউনিয়ন, ডা. নবী হোসেন, মমিনুল ইসলাম স্বপন, আশিকুর রহমান, হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সারজাহল, তাজুল ইসলাম, সমসু সরকার, খুসিদ মিয়া, বিল্লাল আহমদ, এরশাদ মিয়া, আলী মিয়া, জয়নাল আবেদীন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.