Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী আসছেন, তবু উদ্বোধন হচ্ছে না শাহজালাল সার কারখানা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জানুয়ারী, ২০১৬

এতদিন বলা হয়েছিলো প্রধানমন্ত্রীর শিডিউল না পাওয়ায় উদ্বোধন করা সম্ভব হচ্ছে না সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মিত শাহজালাল সার করখানা। প্রধানমন্ত্রী আগামী ২১ জানুয়ারি সিলেট আসছেন। এই দিন সিলেটের ১০ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনের তালিকায় নেই শাহজালাল সারকারখানা।

৫৪০৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে হয়েছে গত বছরের আগস্টে। এই সময়ের মধ্যে উৎপাদন শুরুর কথা থাকলেও এখনো পূর্ণাঙ্গ উৎপাদনে শুরু করতে পারেনি দেশের এই বৃহত্তম সারকারখানা। গত সেপ্টেম্বর থেকে এই কারখানায় চলছে পরীক্ষামূলক উৎপাদন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্মাণকারী চীনা প্রতিষ্ঠান এখনো কারখানাটি বুঝিয়ে দেয়নি। ফলে প্রধানমন্ত্রী সিলেট সফরে আসলেও এই যাত্রায় শাহজালাল সারকারখানা উদ্বোধন সম্ভব হচ্ছে না।

শাহজালাল সার কারখানা প্রকল্পের ব্যবস্থাপক (প্রশাসন) শরিফুল ইসলাম বলেন, এই মাসের মধ্যে চীনা প্রতিষ্ঠান আমাদের কাছে কারখানাটি বুঝিয়ে দেবে। এরপর আমরা আরো মাস দুয়েক পরীক্ষামূলক উৎপাদন করবো। এপ্রিলের দিকে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে।

শরিফুল ইসলাম জানান, আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও কারখানাটিতে এখন পূর্ণ উদ্যমে ইউরিয়া সার উৎপাদন হচ্ছে। প্রতিদিন ১৭৬০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা হচ্ছে। তবে অ্যামনিয়া উৎপাদন এখনো পূর্ণাঙ্গভাবে শুরু করা যায়নি। এই কারখানায় প্রতিদিন ১ হাজার মেট্রিক টন হিসাবে বছরে ৩ লক্ষ ৩০ হাজার টন অ্যামোনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় (সিলেট-৩) সংসদ সদস্য মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী বলেন, চীনা প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তিই হলো তারা পূর্ণাঙ্গ উৎপাদন শুরুর পর সরকারকে বুঝিয়ে দেবে। এরআগে আমরা এর দায়িত্ব নেবো না। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশীই উৎপাদন হচ্ছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর গত ডিসেম্বরে হঠাৎ বন্ধ হয়ে এই কারখানার পরীক্ষামূলক উৎপাদন। প্রায় ২০ দিন উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিলো।

এ ব্যাপারে শরিফুল ইসলাম বলেন, কোনো ত্রুটির কারণে নয় বরং চীনা প্রতিষ্ঠান আমাদের কাছে হস্তান্তরের আগে একবার ‘কমপ্লিট শাট ডাউন’ করেছিলো। কোনো ত্রুটি ধরা পড়ে কী না তা পরখ করার জন্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল সারকারখানা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি’ স্থাপনের জন্য ২০১২ বছরের শুরুতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১৫০ একর জায়গা অধিগ্রহণ করা হয়। এরআগে চীন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মাণাধীন শাহজালাল সারকারখানা স্থাপনের লক্ষ্যে দু’ দেশের মধ্যে ঢাকায় একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে চীনা সরকার এবং চীনের এক্সিম ব্যাংক প্রকল্প ব্যয়ের ৭০ শতাংশ (তিন হাজার নয়শত ছিয়াশি কোটি টাকা) ঋণ সহায়তা প্রদান করে। ঋণের বার্ষিক সুদের হার দুই শতাংশ ধরা হয়েছে। ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। প্রকল্প ব্যয়ের অবশিষ্ট এক হাজার চারশত তেইশ কোটি টাকা বাংলাদেশ সরকার তার নিজস্ব তহবিল থেকে যোগান দিচ্ছে।

ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানাটি চীন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হলেও এর প্রযুক্তিগত কারিগরি সহায়তা প্রদান করে জাপান, আমেরিকা এবং নেদারল্যান্ড।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরসূচী সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ১০ প্রকল্পের উদ্বোধন করবেন। এসবের মধ্যে রয়েছে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, এপিবিএম এর ব্যারাক ভবন, ওসমানী নগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, মাছিমপুর এলাকার সুরমা নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে, এমসি কলেজের মাঠের সীমানা প্রাচীর ও গেইট, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.