Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে একই নম্বর প্লেটে চার ইজিবাইক, জব্দের পর ধ্বংস

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জ শহরে একই নম্বর প্লেট ব্যবহার করে রাস্তায় চালানো চারটি ব্যাটারিচালিত ইজিবাইক গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভার মাঠে পৌর কর্তৃপক্ষ ইজিবাইকগুলো এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়।

এ সময় মেয়র আতাউর রহমান সেলিমসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভুয়া নম্বর প্লেট লাগিয়ে চালানো চারটি ইজিবাইকের মালিক হবিগঞ্জ সদর উপজেলার বহুলা আনন্দপুর গ্রামের আদম আলীর ছেলে ফরিদ মিয়া।

পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. সহিদুল ইসলাম জানান, হবিগঞ্জ শহরে ইজিবাইক চালাতে নানা শর্ত মেনে পৌরসভা থেকে নম্বর প্লেট নিতে হয়। তবে সীমিত সংখ্যক প্লেট দেওয়া হয়।

এজন্য ফরিদ মিয়া তার নামে ইস্যু হওয়া ১০৯ নম্বর প্লেটটি হারিয়ে গেছে উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং জিডির কপি চারটি ইজিবাইকের পেছনেই লাগিয়ে গাড়িগুলো রাস্তায় চালিয়ে আসছিলেন।

সম্প্রতি পৌর কর্তৃপক্ষ তদন্ত করে পায় যে ওই ব্যক্তি একই নম্বর প্লেটের মালিক হলেও চারটি ইজিবাইকে জিডির কপি লাগিয়ে চালাচ্ছেন। পরে যানবাহনগুলো জব্দ করা হয়। মঙ্গলবার এক্সকাভেটর দিয়ে সেগুলো ধ্বংস করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.